ওমরাহ ভিসার মেয়াদ ১ বছর করল সৌদি আরব, একাধিকবার প্রবেশের সুযোগ

দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসাধারীদের প্রতিবার সৌদিতে প্রবেশের সময় সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদিতে আগমনের আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না। এ সময় ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

এসপিএ জানিয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন এ ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.