দেশের ৭ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে অব্যাহত রয়েছে টানা বৃষ্টিপাত। আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সোমবার (২০ জুলাই) সন্ধ্যার মধ্যে পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার ও বুধবার (২১-২২ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার (২৩-২৫ জুলাই) পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার দেশের কিছু এলাকায় এবং শুক্র ও শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। এছাড়া রংপুরে ৭২, খুলনায় ৬২, নোয়াখালীর হাতিয়ায় ৫৯, কুমিল্লা ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৬, কক্সবাজারে ৫১ এবং সিলেটে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, বর্ধিত পাঁচ দিনেও সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.