সমুদ্র থেকে জ্বালানি উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে: জ্বালানিমন্ত্রী

সমুদ্রসীমার অধিকার অর্জনের পরও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি। ফলে বিশ্বের অনেক দেশ সমুদ্রভিত্তিক জ্বালানি উৎপাদনে এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘উন্নয়নের কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে সমুদ্রের জ্বালানি সম্পদ ব্যবহারে অনেক দূর এগিয়ে গেছে। অথচ বাংলাদেশ সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি।

মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এবারের বাজেটে কর শিথিল রাখা হয়েছে।

জ্বালানিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছেন। এছাড়াও, ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.