চলতি অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় ১ জুলাই শুরু হয়েছে। অনেক করদাতা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। এ জন্য বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন।
এ বছর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুসারে করদাতারা সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা উৎসে কর রিটার্ন জমার সময় সমন্বয় করতে পারবেন। করযোগ্য আয় না থাকলে টাকা ফেরত পাবেন করদাতারা। কিন্তু সারা বছরে কত টাকা উৎসে কর হিসেবে কেটে রাখা হলো, তা সমন্বয় করতে হলে প্রমাণ হিসেবে সুনির্দিষ্ট দলিল লাগবে। সেই ব্যবস্থা করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
ইতিমধ্যে সংস্থাটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা থেকে কেটে রাখা উৎসে করের প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস বা ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিস থেকে বিতরণ করা হচ্ছে। এর মানে হলো, আপনাকে সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে যে অর্থ উৎসে কর বা অগ্রিম কর হিসেবে কেটে রাখা হয়েছে, এর কাগজপত্র জোগাড় করতে সঞ্চয়পত্রের স্থানীয় কার্যালয়ে গিয়ে সংগ্রহ করতে হবে।
এ বছর থেকে বছরজুড়েই রিটার্ন দেওয়া যাবে। প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আয়কর রিটার্ন দিলে করছাড় মিলবে।
এদিকে আগামী ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের নির্ভরতা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত। এবারের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় কাটা উৎসে করকে চূড়ান্ত দায় হিসেবে না রেখে বছর শেষে সমন্বয় বা ফেরত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
কীভাবে অগ্রিম কর ফেরত পাবেন
এবারের বাজেট অনুসারে, সঞ্চয়পত্রের মুনাফায় যে উৎসে কর কেটে রাখা হয়, তা চূড়ান্ত কর দায় নয়। বছর শেষে তা সমন্বয় করা যাবে। যদি ওই করদাতার প্রযোজ্য করের চেয়ে বেশি কর কেটে রাখা হয়, তাহলে তা ফেরত পাওয়া যাবে।
একটি উদাহরণ দেওয়া যেতে পারে, একজন করদাতার সঞ্চয়পত্রের মুনাফার ওপর বছরজুড়ে ৩০ হাজার টাকা অগ্রিম কর কেটে রাখা হলো। কিন্তু বছর শেষে ওই করদাতা রিটার্ন জমার সময় দেখলেন, নানা ধরনের ছাড়ের পর তাঁর বার্ষিক করের পরিমাণ ২০ হাজার টাকা। তাহলে তিনি বাকি ১০ হাজার টাকা ফেরত পাবেন।
সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পেতে অবশ্যই ওই করদাতাকে রিটার্ন দিতে হবে। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) লাগে। তাই ছোট ছোট সঞ্চয়পত্র বিনিয়োগকারী কিন্তু তাঁদের করযোগ্য আয় নেই, এমন ব্যক্তিদের এখন টিআইএন নিয়ে বছর শেষে রিটার্ন দিয়ে সঞ্চয়পত্রের কেটে রাখা অগ্রিম করের টাকা ফেরত নিতে হবে।
রিটার্ন জমার সময় ব্যাংক হিসাব নম্বর জানিয়ে টাকা ফেরতের দাবি করতে হবে। উৎসে কর হিসেবে কেটে রাখার প্রমাণ হিসেবে কাগজপত্র দিতে হবে। কর কর্মকর্তারা যাচাই–বাছাই করে ১২০ দিনের মধ্যে ব্যাংক হিসাবে প্রাপ্য টাকা ফেরত দেবেন। বর্তমান আয়কর আইন অনুসারে, সঞ্চয়পত্রের ওপর অগ্রিম কর ১০ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.