ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে পুরস্কার দেওয়ার দাবি করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।

ইরানপন্থী সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করে, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এক কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার সমান ১২৩.১২ টাকা) এ অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

বিবৃতিতে ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে গোষ্ঠীটি দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে।

এতে আরও দাবি করা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে গোষ্ঠীটি প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তাঁর ভূমিকা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এ ঘোষণা দেয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.