দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ জুলাই থেকে ১৬ জুলাই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন বেড়ছে ৭ হাজার ৪৯ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ শতাংশ বা ৭ হাজার ৪৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ০৩ হাজার ৮৩৪ কোটি টাকা।
এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি ২৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৪৫৪ কোটি ৯৭ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৯০ কোটি ৯৯ লাখ টাকা বা ৬ দশমিক ৫৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৬টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.