সিলেট ও সুনামগঞ্জে আগামী ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এসব শঙ্কার কথা জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী দুই দিনে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফলে ওই দুই জেলার নিচু এলাকা এবং নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তবে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারি বর্ষণের শঙ্কার কথা বলছে সংস্থাটি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.