বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। গত ৩০ জুন তিনি এ পদে পদোন্নতি লাভ করেন।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পদোন্নতির আগে তিনি প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাহিদ রহমান কর্মজীবন শুরু করেন সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে। পরে ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এম.কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে প্রেষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি লাভ করেন।
এছাড়া জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় জাপানের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নাহিদ রহমান ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই এবং দ্য ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে পরিচালিত সিডিএফপি (CDFP) বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন কোর্সও সম্পন্ন করেছেন। ব্যাংকিং ও আর্থিক খাতসংক্রান্ত বিভিন্ন পেশাগত জার্নালে তার একাধিক গবেষণাপত্র ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে নাহিদ রহমান খুলনা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান গৃহিণী। তার স্বামী মো. আলমগীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক। তিনি এক কন্যাসন্তানের জননী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.