কাতারের সাবেক আমির এবং আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফন সম্পন্ন হয়েছে। ৭৮ বছর বয়সে মারা যাওয়া এই রাষ্ট্রনায়ককে রোববার (১২ জুলাই) রাজধানী দোহায় দাফন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রোববার সকালে শেখ হামাদের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরে সন্ধ্যায় রাজধানীর ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অসংখ্য মানুষ অংশ নেন এবং মরহুমের জন্য দোয়া করেন। এরপর তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ মসজিদ থেকে বের করে আনেন। পরে দোহার উত্তরে লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।
আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি জানান, পুরো আয়োজন ছিল অত্যন্ত অনাড়ম্বর। শেখ হামাদকে একটি সাধারণ কবরে দাফন করা হয়েছে।
তিনি বলেন, এই সরল আয়োজন ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। একই সঙ্গে এটি শেখ হামাদের ব্যক্তিজীবনেরও প্রতিচ্ছবি। তিনি বিলাসিতার পরিবর্তে জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন।
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার নেতৃত্বে দেশটির অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। এই সময়ে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। গ্যাসসম্পদের উন্নয়ন ও কার্যকর ব্যবহারের ফলে ২০০৬ সালের মধ্যে দেশটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারকে পরিণত হয়।
তার শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনেও কাতারের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র-ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক বিরোধে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এছাড়া ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কাতার বিশ্বমঞ্চে নতুন পরিচিতি লাভ করে। উদ্বোধনী ম্যাচে শেখ হামাদকে দর্শকদের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছিল।
শেখ হামাদের উদ্যোগেই ১৯৯৬ সালে আল জাজিরা নিউজ চ্যানেলের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে পরিণত হয়।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি শোক প্রকাশ করে বলেন, শেখ হামাদই ছিলেন এই প্রতিষ্ঠানের মূল স্বপ্নদ্রষ্টা ও ভিত্তি নির্মাতা। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই আল জাজিরা বিশ্বজুড়ে সত্য তুলে ধরার অন্যতম শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.