হরমুজ প্রণালি ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি কৌশলগত গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মহসেন রেজাই। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো মূল্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করবে।
রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইএসএনএর বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মহসেন রেজাই বলেন, “কৌশলগত এই জলপথ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইসলামি প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় নির্ধারক ভূমিকা পালন করে। ইরান নিজের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার ওপর ভর করেই এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ তুলে আসছে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হতে পারে।
এদিকে রোববারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। উভয় পক্ষ একে অপরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তেহরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তির ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং আলোচনার সুযোগ রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.