সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই খুলে দেওয়া হবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট পলাতক হাসিনার সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। তাদের সময়ে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে। একই সঙ্গে কোটি কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
সংস্কৃতিমন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.