চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া, টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে মঙ্গলবার (০৬ জুলাই) গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
একটানা দুই দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জুলাই মাসে গত ৪৩ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ। পাহাড় ও দেয়ালধসে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
দুর্যোগে সড়ক, রেল ও বিমান যোগাযোগও ব্যাহত হয়েছে। খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অনেক গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি এবং রেললাইন ডুবে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে পড়ে।
এছাড়া কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং উখিয়ার রোহিঙ্গা শিবিরে ১৯৩টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.