শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে। শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এর ফলে সেগুলো ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ হারায়। দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। দেশের শিক্ষা কাঠামোকে এমনভাবে সংস্কার ও পরিবর্তন করতে হবে, যেন মেধাবীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.