যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে বলে দাবি করেছেন। ভাষণে তিনি দেশপ্রেম, ইতিহাস এবং রাজনৈতিক বক্তব্যের মিশ্রণ তুলে ধরেন। একইসঙ্গে কমিউনিজমের তীব্র সমালোচনা করেন এবং নির্বাচনী সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু সামনে আনেন তিনি।
শনিবার (৪ জুলাই) ওয়াশিংটনে ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।
খবর সিবিএস নিউজ।
ভাষণের শুরুতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য ও প্রবীণ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকজন প্রবীণ সেনা, ভিয়েতনাম যুদ্ধে স্পেশাল ফোর্সের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের একজন এবং গৃহযুদ্ধের সময় দাসত্ব থেকে পালিয়ে ইউনিয়ন বাহিনীতে যোগ দেওয়া উইলিয়াম হার্ভে কারনির অবদানের কথা স্মরণ করেন। কারনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মান ‘মেডেল অব অনার’ পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঐতিহাসিক সামরিক সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে ট্রাম্প নিজের প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডও তুলে ধরেন। তিনি বলেন, “আপনি ভেনেজুয়েলা দেখুন, ইরান দেখুন, আমরা তাদের ধ্বংস করে দিয়েছি, তাদের সামরিক শক্তিকে নিশ্চিহ্ন করেছি।”
এ সময় তিনি স্পেন-আমেরিকা যুদ্ধের সময় ম্যানিলা উপসাগরে স্প্যানিশ নৌবহর ধ্বংসের ঘটনার সঙ্গে চলতি বছরের ইরানি নৌবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের হামনার তুলনা করেন। ট্রাম্প দাবি করেন, “আমাদের সাম্প্রতিক বিজয়ে পুরো ইরানি নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়া হয়েছে—১৫৯টি জাহাজ মুহূর্তের মধ্যে সাগরের তলদেশে চলে গেছে।”
ভাষণে তিনি কমিউনিজমেরও কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেন, “আমাদের যোদ্ধারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শুধু এটিকে আবার আমেরিকায় মাথাচাড়া দিয়ে উঠতে দেখার জন্য নয়। এটি ক্যানসারের মতো, এটিকে কেটে ফেলতে হবে।”
তার এই মন্তব্যকে অনেক বিশ্লেষক আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটদের উদ্দেশে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
এ ছাড়া ট্রাম্প আবারও ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE America Act) পাসের আহ্বান জানান। প্রস্তাবিত এই আইনের আওতায় ভোটারদের নিবন্ধনের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এবং ভোট দেওয়ার আগে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।
এ বিষয়ে ট্রাম্প বলেন, “আমরা আমেরিকাকে মহান রাখতে চাই এবং তা করতে সেভ আমেরিকা অ্যাক্ট অনুমোদন করতে হবে। তাহলে আর নির্বাচনে কোনো জালিয়াতি হবে না।”
ভাষণের শেষদিকে ট্রাম্প নাসার বর্তমান ও সাবেক নভোচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কৃষকদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী কেবল দেশটির ‘স্বর্ণযুগের সূচনা’ এবং “সেরাটা এখনো সামনে অপেক্ষা করছে।”



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.