দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৮৩৩ জনের।
শনিবার (৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৮-এ। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৯৩ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩১ জনের মৃত্যু হয়েছে।
অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ১০১ জন নতুন করে হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৬৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ রোগী, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.