বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাইয়ে গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার পরও শেখ হাসিনার কোনও অনুশোচনা নেই। তিনি বরং আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে বিষোদগার করছেন। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা এখনও উসকানি দিচ্ছেন। জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং আর্থিক সক্ষমতা অর্জনের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিনি বিদেশে নির্বাসিত ছিলেন। তবে তারা নির্বাসনে না থাকলে হয়তো আন্দোলন সফল হতো না। কারণ, তারা শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের নেপথ্যে সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সব মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। জুলাইয়ের চেতনা নিয়ে কোনও ধরনের ব্যবসা বা রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ নেই। এ নিয়ে ব্যবসা কাম্য নয়। কারণ, অতীতে কোনও চেতনার ব্যবসাই ভালো কিছু বয়ে আনেনি। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনার বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয় এবং অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়। এটা পর্দার অন্তরালের কথা। এ সময় তিনি পতিত স্বৈরাচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.