আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ; সৌদি আরবকে হুথিদের হুঁশিয়ারি

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

সৌদি আরবকে সতর্ক করে বিদ্রোহী বাহিনীটি বলেছে, দেশটি যদি আবার ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে বা হামলার চেষ্টা চালায়, তাহলে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

শুক্রবার (৩ জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, সৌদি আরবের যুদ্ধবিমান একটি ইরানি বেসামরিক উড়োজাহাজকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে হুথিদের দাবি, শেষ পর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়।

এক ভিডিও বার্তায় হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘সৌদি শত্রুকে আমরা সতর্ক করছি, তারা যেন আর কখনও আমাদের আকাশসীমা লঙ্ঘন বা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা না করে। এমন কোনো পদক্ষেপের জবাবে স্থল ও সমুদ্রপথে সৌদি আরবের বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হবে।’

তিনি আরও বলেন, সম্ভাব্য যেকোনো পরিণতি সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

এর আগে হুথি সংশ্লিষ্ট গণমাধ্যম জানায়, ইরানের বিমানটি নিরাপদে সানায় অবতরণ করে। পরে সেটি তেহরানের উদ্দেশে রওনা দেয়। বিমানে হুথি প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে গিয়েছিলেন বলে জানানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.