রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, ঝড়ো হাওয়ার পাশাপাশি এই সময়ে অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা এই সতর্কবার্তায় উল্লিখিত অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.