রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড

২০২৪ সালের জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও এক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

আজ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ট্রাইব্যুনালে রায় পড়া শুরু হয়। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ দিয়ে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সব কটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারপ্রক্রিয়া চালানো হচ্ছে। এমনকি পলাতক আসামিদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দিয়ে তাদের সর্বোচ্চ আইনি সহায়তা দেয়া হয়েছে। রায় প্রদানকালে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া পলাতক রয়েছেন। এর আগে চানখাঁরপুলের আরেকটি মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল।

এই মামলার গ্রেপ্তার একমাত্র রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.