আইসিএসবি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৭ জুন) ঢাকাস্থ এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূচনা বক্তব্যে আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী এজিএম-এ উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস এবং তিনি ২০২৫ সালের কাউন্সিল রিপোর্ট সভায় উপস্থাপন করেন। আইসিএসবি-এর প্রেসিডেন্ট তার বক্তব্যে ইনস্টিটিউটের ধারাবাহিক কার্যক্রম, অর্জন এবং সাফল্য তুলে ধরেন। এর মধ্যে আইসিএসবি-এর ১২তম কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স জাতীয় পুরস্কার ২০২৪, আইসিএসবি-এর ৯ম সমাবর্তন-২০২৫, স্ট্র্যাটেজি সেশন, মিট দ্য মেম্বার্স, চার্টার্ড সেক্রেটারী দিবস, চার্টার্ড সেক্রেটারী পেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম এর আয়োজন, স্টেকহোল্ডার সম্পৃক্ততা কার্যক্রম এবং বিভিন্ন সংস্থার সাথে সমঝোতা-স্মারক স্বাক্ষর উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে স্থান পায়। তিনি ইনস্টিটিউটের উন্নয়নে সদস্যদের মূল্যবান পরামর্শ ও নিরলস সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন এর উপর আলোচনায় অংশগ্রহণ করেন এবং বর্তমান কাউন্সিলের অধীনে ইনস্টিটিউটের অগ্রযাত্রার প্রশংসা করেন। তারা আরও উল্লেখ করেন যে, প্রতিশ্রুত লক্ষ্যসমূহ অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিনত করার মাধ্যমে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য বর্তমান কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইনস্টিটিউটের ট্রেজারার মোঃ মিজানুর রহমান এফসিএস ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় পেশ করেন। পরে উপস্থিত সদস্যবৃন্দ ইনস্টিটিউটের কাউন্সিল রিপোর্ট এবং আর্থিক বিবরণী সভায় অনুমোদন করেন। ‘একনাবিন চার্টার্ড একাউন্টেন্টস’ ফার্মকে ২০২৬ সালের বহিঃ হিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়।

উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এফসিএস; ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্যবৃন্দ, ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাম থেকে: মো. সাব্বিরুল আলম চৌধুরী, খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া এফসিএস, মোহাম্মদ শাহজাহান এফসিএস, এম নূরুল আলম এফসিএস, মোঃ শরীফ হাসান এফসিএস, মোঃ রফিকুল ইসলাম এফসিএস, হোসেন সাদাত এফসিএস, মোঃ মিজানুর রহমান এফসিএস, মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন এফসিএস, মোঃ হুমায়ুন কবির এফসিএস, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস, মোঃ রবিউল ইসলাম এফসিএস, এস. এম. শাফায়েত হোসেন, এ. কে. এম নূরুন্নবী কবির আইসিএসবি-এর ১৬তম এজিএম-এ উপস্থিত ছিলেন।

আইসিএসবি সম্পর্কে
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি পেশাগত প্রতিষ্ঠান। বাংলাদেশে চার্টার্ড/কোম্পানি সেক্রেটারী পেশার উন্নয়ন, প্রসার এবং নিয়ন্ত্রণে এটি একমাত্র স্বীকৃত পেশাগত প্রতিষ্ঠান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.