ভেনেজুয়েলায় গত সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
ভূমিকম্পের ১২ ঘণ্টা পরও দেশটির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট।
এর আগে, সাত দশমিক দুই ও সাত দশমিক পাঁচ মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন দেলসি রদ্রিগেজ।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি হলো কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এবং সেখানে ‘বেশ কয়েকটি’ ভবন ধসে পড়েছে বলে জানিয়েছিলেন তিনি।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্ভাব্য আফটারশক বা ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় অনেকেই রাস্তায় তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নিচ্ছেন।
অন্যরা বাগানে বা ফুটপাথে গদি, মাদুর বা চাদর পেতে রাত কাটাচ্ছেন- তারা অপেক্ষা করছেন কখন নিজেদের বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ হবে তা জানতে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.