ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে লাফ দেন বলে জানা গেছে। সোমবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে আগুন লাগার পর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাণ বাঁচাতে অনেকে ভবনের প্রথম তলা থেকে নিচে লাফ দেন। ওই ভবনে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান ও একাধিক শোরুম ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোচিং সেন্টারটি ভবনের প্রথম তলায় অবস্থিত ছিল। আগুন লাগার পর কয়েকজন শিক্ষার্থীসহ আটকে পড়া মানুষ জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জানালা দিয়ে বের হয়ে কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করেন, পরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি তিনতলা ছিল এবং ওপরের তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাঁচ থেকে সাতজন ভবন থেকে লাফ দেন বলে দাবি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান চালায়। উদ্ধার কার্যক্রম তদারকি করতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.