আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদকে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার সংসদে নেত্রকোনা-৫ আসনের বিরোধী দলীয় সদস্য (জামায়াতে ইসলামী) মাসুম মোস্তফার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়।
আইনমন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে সাতটির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বাকি ৭৩টি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। বিচারাধীন মামলাগুলোর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ৫১টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
তিনি বলেন, নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। তাদের মধ্যে ১৭৪ জন গ্রেফতার হয়েছেন, ২৮৮ জন পলাতক রয়েছেন, একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন আসামি খালাস পেয়েছেন বলে তিনি সংসদকে জানান।
আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.