রাজশাহী নগরের সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’ নামের একটি দোকানে দেয়াল কেটে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। দুর্বৃত্তরা প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা (চাঁদি) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক তূর্য সরকার।
পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাতের কোনো এক সময়ের মধ্যে চুরির ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন মালিক তূর্য সরকার। বিপুল ক্ষয়ক্ষতির খবর পেয়ে তিনি দোকানের সামনেই কান্নায় ভেঙে পড়েন। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, সাহেববাজার এলাকার স্বর্ণা হোটেলের নিচতলায় পাশাপাশি অবস্থিত ‘আফিয়া জুয়েলার্স’ ও ‘কারুশ্রী জুয়েলার্স’। চোরেরা প্রথমে আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং পরে দুই দোকানের মাঝের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে সিন্দুক ও শোকেসে থাকা স্বর্ণালংকার, চাঁদি ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। তবে আফিয়া জুয়েলার্সে কোনো মূল্যবান মালামাল ছিল না বলে জানা গেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, চুরি শেষে দুর্বৃত্তরা আফিয়া জুয়েলার্সের তালা পুনরায় লাগিয়ে রেখে যায়।
কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার জানান, তাঁর দোকান থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি চাঁদি এবং নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে।
বাজুস রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ অর্থ লুটের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। দ্রুত চোরাই মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করা না হলে জুয়েলার্স দোকান বন্ধ রাখার কর্মসূচি অব্যাহত থাকবে।
চুরির খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সিআইডি ও ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। পাশের দোকানেও তালা লাগানো ছিল, যা রহস্যজনক। সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দোকান মালিক তূর্য সরকার থানায় মামলা করতে গেছেন। মামলা দায়েরের পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.