জুলাই সনদ ও গণভোটে বিএনপির ‘অন্তহীন প্রতারণা’ অভিযোগ, ভোটাধিকার প্রশ্নে নতুন আন্দোলনের হুঁশিয়ারি মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে বিএনপি জনগণের সঙ্গে ‘অন্তহীন প্রতারণা’ করেছে। একই সঙ্গে তিনি ভোটাধিকার নিয়ে কোনো ধরনের আপস না করার হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে জনগণ আবারও আন্দোলন ও গণ-অভ্যুত্থানের পথে হাঁটতে প্রস্তুত থাকবে।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই বিপ্লবের মাধ্যমে বারবার ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। দেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়নে আবারও কোনো আন্দোলনের প্রয়োজন হলে জনগণ সেই আন্দোলনের জন্য প্রস্তুত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে ‘খেলবার চেষ্টা’ করা হলে তার পরিণতি অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের মতোই ভয়াবহ হতে পারে। একই সঙ্গে তিনি বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনীতিকদেরও জনগণের অধিকার উপেক্ষা না করার আহ্বান জানান।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলটি প্রকাশ্যে ও গোপনে বিরোধিতামূলক অবস্থান নিয়েছে এবং ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তার দাবি, জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক অধিকার, ভোটাধিকার ও প্রতিনিধিত্বের আকাঙ্ক্ষার সঙ্গে এই অবস্থান সাংঘর্ষিক।
মামুনুল হক আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এর বাস্তবায়ন প্রক্রিয়ায় জনগণের প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, গণভোটে বিপুলসংখ্যক মানুষ রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। সেই রায় উপেক্ষা করে কেবল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের নেতারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.