আতঙ্কে ভাঙা আমানত পুনরায় চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংকের মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব নির্ধারিত সময়ের আগেই ভেঙে ফেলেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি। গত ১৫ দিনের মধ্যে বন্ধ বা নগদায়ন করা আমানত হিসাব বিনা চার্জে পুনরায় চালুর সুযোগ পাবেন গ্রাহকরা।

সোমবার (১৫ জুন) ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে।

নির্দেশনা অনুযায়ী, এসব হিসাব পুনরায় চালু করলে গ্রাহকরা হিসাবটি অব্যাহত থাকলে যে সুবিধা পেতেন, সেগুলোই বহাল থাকবে। পাশাপাশি হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের ফি ও চার্জ মওকুফ করা হবে।

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে নগদায়ন করা হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করে হিসাব পুনরায় চালুর বিষয়ে উৎসাহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.