দেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমমানের বলে জাতীয় সংসদ অধিবেশনে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সংসদে তিনি বলেন, বিএনপি সরকার সবচেয়ে বড় বরাদ্দ রেখেছে শিক্ষা খাতে। প্রাথমিক এবং গণশিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শিক্ষার্থীরা অনেক জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করতে পারে না বলে উল্লেখ করেন তিনি।
প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০ বছর ধরে প্রাথমিক শিক্ষায় ও গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাস করতে পারে না অনেক জায়গায় । একইসঙ্গে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পর্যায় সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমমানের বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস সিক্সের লেভেলের সাথে তুলনা করা হয়। সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো। এছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে ঢেলে সাজাতে সরকার হাত দিয়েছে বলেও জানান তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.