জুলাইয়ে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাইয়ে দাফন করা হবে। শনিবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তারা জানিয়েছে, আগামী ৩ ও ৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

সবশেষে ৯ জুলাই মাসহাদে আরেকটি জানাজা হবে। সেই জানাজা শেষে ওইদিন তাকে ইমাম রেজা মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ইমাম রেজা হযরত আলী ও মা ফাতেমার বংশধর। শিয়া মুসলিমদের ১২ জন প্রসিদ্ধ ইমামের মধ্যে ইমাম রেজা অন্যতম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিন সকালে সুপ্রিম লিডারের বাসভবনে অবস্থান করছিলেন আয়াতুল্লাহ খামেনি। যৌথ হামলায় স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ তিনি প্রাণ হারান। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন বর্তমান সুপ্রিম লিডার ও তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এরপর তাকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত করে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

মোজতবার সঙ্গে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ভালো সম্পর্ক রয়েছে। তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিপ্লবী গার্ডের বড় ভূমিকা ছিল।

অর্থসুচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.