ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর তা বাতিলও করেছেন তিনি।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইরানের সাথে যুদ্ধ অবসানের একটি দুর্দান্ত সমঝোতায় পৌঁছেছি”।
তবে চুক্তির খবরগুলোকে “অনুমাননির্ভর” এবং “এখনো কিছুই চূড়ান্ত হয়নি” বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ট্রাম্প অতীতেও বেশ কয়েকবার দাবি করেছেন যে চলমান সংঘাত থামাতে দুই দেশ চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। এছাড়া এবারের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানের ওপর “খুব কঠোর” আঘাত হানবেন।
হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এটি অনুমোদিত হয়েছে। তিনি বলেন, আজ সন্ধ্যায় ইরানের ওপর পূর্বনির্ধারিত বিমান ও বোমা হামলা বাতিল করেছি। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান খুব শিগগিরই ঘোষণা করা হবে।
ট্রাম্প আরও জানান, চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্ররা (ইসরায়েলসহ) অনুমোদন করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এই মিত্রদের সঙ্গেই যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, পাকিস্তান ও কাতারের মতো মার্কিন মিত্র দেশগুলোর পর্দার আড়ালের মধ্যস্থতা অবশেষে সফলতার মুখ দেখতে চলেছে। অথচ মাত্র একদিন আগেই ট্রাম্প ইরানে তীব্র হামলার হুমকি দেওয়ার পাশাপাশি পারস্য উপসাগরের ‘খার্গ দ্বীপে’ অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.