পরিবেশবান্ধব ব্যাটারি শিল্পের বিকাশে সম্পূর্ণ শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৬-২০২৭) জন্য বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট এটি। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট এটি।

নতুন অর্থবছরের বাজেটে পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি শিল্পের বিকাশে সরকার ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ আমদানিতে সম্পূর্ণ শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশে পরিবেশবান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন উৎসাহিত করতে আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত এসব পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সুবিধা দিয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি।

দেশে এই খাতসংশ্লিষ্ট পণ্যের উৎপাদন উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) সংশ্লিষ্ট পণ্যের ওপর বিদ্যমান রেয়াতি সুবিধা ৩০ জুন ২০২৮ সালের পর প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.