হার্টের রিং, চোখের লেন্স ও কিডনি ডায়ালাইসিসে কর ছাড়ের প্রস্তাব

জনসাধারণের চিকিৎসা ব্যয় কমাতে হার্টের স্টেন্ট, চোখের ইন্ট্রাওকুলার লেন্স এবং কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রীর ওপর কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব ঘোষণা করেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় আউট অব পকেট এক্সপেনডিচার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানিকৃত হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাবে। একই সঙ্গে চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমে আসবে।

এছাড়া কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিসের আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এর ফলে কিডনি ডায়ালাইসিসের খরচও উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.