দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) তাদের জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটি (জিআইএলসি)-এর মাধ্যমে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬ আয়োজন করেছে। নেতৃত্ব, সুশাসন এবং বোর্ডে নারীর অংশগ্রহণ নিয়ে সংলাপকে এগিয়ে নিতে এই সম্মেলনে নীতিনির্ধারক, কর্পোরেট নেতা, নিয়ন্ত্রক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন শীর্ষ পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সোমবার (৮ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী, এমপি।
জিআইএলসি আয়োজিত এই সম্মেলন নেতৃত্ব উন্নয়ন, সুশাসন প্রস্তুতি এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে আইসিএবি’র অঙ্গীকারের প্রতিফলন। জিআইএলসি চেয়ার এবং আইসিএবি কাউন্সিল সদস্য জারিন মাহমুদ হোসেন এফসিএ বলেন, “অংশীদারিত্বের মাধ্যমেই শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠে। এই সম্মেলন দেখিয়েছে, অভিন্ন লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করলে কী অর্জন সম্ভব।”
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং কর্পোরেট নেতৃত্ব ও পরিচালনা পর্ষদে নারীদের আরও বেশি প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত এফসিএ এবং প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ নেতৃত্ব ও সুশাসনভিত্তিক ভূমিকার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে আইসিএবি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রথম নারী প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আখতার সানজিদা কাসেম এফসিএ, এফসিএমএ। তিনি আইসিএবি জেন্ডার ড্যাশবোর্ড এবং উইমেন অন বোর্ডস সার্ভের তথ্য তুলে ধরে অর্জন ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে আলোকপাত করেন।
সম্মেলনে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রফেশনাল বডিজ ইউনাইটেড শীর্ষক আলোচনায় আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ, আইসিএসবি এবং আইআইএবি-এর নেতারা অংশগ্রহণ করেন। উইমেন লিডিং ইন সার্ভিস অ্যান্ড প্র্যাকটিস শীর্ষক অধিবেশনে ব্যাংকিং, বহুজাতিক কোম্পানি এবং পেশাগত খাতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। জারিন মাহমুদ হোসেনের সঞ্চালনায় উইমেন ইন বোর্ডরুমস শীর্ষক আলোচনায় আইএফসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইনস্পায়ার টু অ্যাসপায়ার পর্বে বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের প্রথম নারী বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী এবং এভারেস্টজয়ী নিশাত মজুমদার।
আইসিএবি অ্যাসেন্ড মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় মেন্টর ও মেন্টিদের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। কৌশলগত অংশীদার হিসেবে ছিল এসিসিএ, আইসিএমএবি, আইসিএসবি এবং আইআইএবি। কারিগরি সহায়তাকারী অংশীদার ছিল আইএফসি।
সম্মেলনে পেশাজীবী বিভিন্ন খাতে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের বিকাশ এবং নেতৃত্ব ও সুশাসনভিত্তিক ভূমিকার সুযোগ সম্প্রসারণে আইসিএবি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.