পুশইন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা পুশইন হতে দেব না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুশইন ঠেকাতে কুটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে, সীমান্তে বর্ডার গার্ডও (বিজিবি) সতর্ক অবস্থানে আছে।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ডিজি লেভেলের বৈঠক অনুষ্ঠিত হয়। একবার বাংলাদেশে এবং পরবর্তীবার ভারতে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, ডিজি লেভেলের মিটিংয়ে সব বিষয় নিয়ে আলোচনা হবে। এটিকে ডিজিএলটি বা ডিজি লেভেল টক বলা হয়। আলোচনার পর বিষয়গুলো সামারাইজ করে স্বাক্ষরেরও একটি প্রক্রিয়া রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সংক্রান্ত সব ইস্যুই বৈঠকে আলোচিত হবে এবং সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করছে। এছাড়া আমাদের বিজিবি সতর্ক আছে, আমরা সমস্ত পুশইনের, অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেবো।

রামিশা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য বলা হবে।

তিনি বলেন, রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার ঘটনাটি একটি মাইলফলক। এভাবেই আমরা জনগণের প্রত্যাশা অনু্যায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন, গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার জন্য তাদের পুরস্কৃত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, তিরস্কারের সময় তিরস্কার। এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে অর্জন, সেটি প্রশংসার দাবি রাখে বলেও জানান তিনি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.