ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত লিতানি নদী পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে চারদিক থেকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। ২০০৬ সালের পর ইসরায়েলি বাহিনীর লিতানি নদী পার হওয়ার ঘটনা এটাই প্রথম।
গতকাল শনিবার লেবাননের সেনাবাহিনীর জ্যেষ্ঠ সূত্রগুলো আনাদোলুকে বলেছে, ইসরায়েলি বাহিনী লিতানি নদী পার হয়েছে। ইসরায়েল এই নদী পর্যন্ত এলাকাকে তাদের অনানুষ্ঠানিক বাফার জোনের সীমারেখা হিসেবে ঘোষণা করেছে।
বর্তমানে ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে অবস্থান করছে। লেবাননের দক্ষিণাঞ্চলের অর্থনীতির জন্য শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ওই অঞ্চলের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। শিয়া অধ্যুষিত শহরটি যদি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়, তবে তা লেবাননে ইসরায়েলের যুদ্ধ এবং পরবর্তী আনুষ্ঠানিক যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক অগ্রগতিগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।
ইসরায়েলি হামলার বিরুদ্ধে দীর্ঘদিন সামনের সারিতে অবস্থান করার ঐতিহাসিক ভূমিকার কারণে লেবাননের অনেক মানুষ নাবাতিয়েহকে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচনা করে থাকে।
আল-জাজিরার সাংবাদিক ওবাইদা হিত্তো বলেন, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাদের বিমান হামলা আরও বিস্তৃত করছে। তারা নাবাতিয়েহ শহরকে ঘিরে ফেলছে, যা শহরটিতে সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
হিত্তো বলেন, ‘নাবাতিয়েহকে ঘিরে ফেলতে ইসরায়েল চূড়ান্ত ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তারা হিজবুল্লাহর দ্বিতীয় ও তৃতীয় প্রতিরক্ষা লাইন ভেঙে দেশের দক্ষিণাঞ্চল থেকে পশ্চিম বেকা উপত্যকাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।’
এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী বলেছে, নাবাতিয়েহর কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোনের হামলায় তাদের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার গভীর রাতে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) বলেছে, দক্ষিণ লেবাননের জেবশিত গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন প্যারামেডিক নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
এনএনএ আরও বলেছে, হামলায় লেবানিজ রিলিফ হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্সকর্মীরা সবাই নিরাপদে আছেন।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) বলেছে, বউফোর্ট দুর্গের আশপাশের এলাকায় বিমান হামলা ও গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। এই দুর্গটির অবস্থান ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল পর্যবেক্ষণের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
দ্বাদশ শতকে নির্মিত ঐতিহাসিক এই দুর্গটি ১৮ বছর ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। পরে ২০০০ সালের মে মাসে লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময় তারা দুর্গটি ছেড়ে যায়।
শনিবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বলেছে, হামলার জবাবে তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরের দিকে রকেট নিক্ষেপ করেছে।
এ ছাড়া দক্ষিণ লেবাননের ঘানদুরিয়াহ এলাকার কাছে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালানোরও দাবি করেছে সংগঠনটি। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ওই হামলার কারণে ইসরায়েলি সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.