ঈদুল আজহার দিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারকে সমবেদনা জানাতে তাদের পল্লবীর বাসায় যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর মিরপুরে নিহত রামিসার পল্লবীর বাসায় গেলে রামিসার পিতার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় তাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব ইন-শা-আল্লাহ্।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।
উল্লেখ্য, গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি নিহত শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করে আসামিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.