যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারে নতুন একটি চুক্তির খসড়ায় সম্মত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট চারটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে। একইসঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও স্বাভাবিক হতে শুরু করবে।
সূত্রগুলোর দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত স্থানান্তর এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে এটি হতে পারে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর শুরু হয় দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘাত। টানা ৪০ দিনের সংঘর্ষের পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে।
প্রস্তাবিত নতুন চুক্তির বিষয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। তাদের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এখনও আনুষ্ঠানিক অনুমোদন দেননি। এছাড়া ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের মতে চুক্তির খসড়া এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ চলছে বলে জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইনি, তবে সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে আছি।”
তিনি আরও বলেন, “এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়, তবে আলোচনার বর্তমান অগ্রগতিতে আমি সন্তুষ্ট।”
উল্লেখ্য, বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাংকারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরপরই নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.