ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

এবারের ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন এটিএম বুথে দেখা দিয়েছে নগদ টাকার সংকট। অনেক বুথে টাকা না থাকায় গ্রাহকদের ফিরে যেতে হচ্ছে। আবার কিছু ব্যাংকের এটিএমে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনও বন্ধ বা সীমিত করা হয়েছে। ফলে মঙ্গলবার (২৬ মে) থেকে শুরু হওয়া টানা সাত দিনের ছুটিতে নগদ টাকা পাওয়া নিয়ে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

কোরবানির পশু কেনা ও ঈদকেন্দ্রিক বাড়তি খরচের কারণে এই সময়ে নগদ টাকার চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকে। এমন পরিস্থিতিতে এটিএম সেবায় বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত দুটি কারণে এই সংকট তৈরি হয়েছে। প্রথমত, ঈদের ছুটিতে বাড়তি চাহিদা মেটাতে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে যে পরিমাণ নগদ অর্থ চেয়েছিল, তার পুরোটা তারা পায়নি। দ্বিতীয়ত, নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত নতুন নোট ব্যবহারের কারণে অনেক এটিএম মেশিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে।

একটি ব্যাংকের প্রযুক্তি বিভাগের এক কর্মকর্তা জানান, সাধারণত নতুন নোটের সঙ্গে এটিএম মেশিনের সমন্বয় করতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। কিন্তু এবার সে সুযোগ পাওয়া যায়নি। আগের নোটের নকশা অপরিবর্তিত থাকায় শুধু স্বাক্ষর বদলালেও সমস্যা হবে না বলে ধারণা করা হয়েছিল। তবে বাস্তবে নতুন স্বাক্ষরের কারণে অনেক মেশিন টাকা শনাক্ত করতে পারছে না এবং টাকা আটকে যাচ্ছে। তিনি বলেন, “ঈদের পর এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।”

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু ডাচ্‌–বাংলা ব্যাংকের এটিএম বুথগুলোতেই প্রতিদিন প্রায় ১ হাজার কোটি টাকার প্রয়োজন হয়। গতকাল সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) যন্ত্রে প্রায় ৫০০ কোটি টাকা জমা পড়েছে। বাকি অর্থ ব্যাংকটি নিজস্ব ব্যবস্থাপনায় জোগাড় করছে। তবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চাহিদামতো নগদ অর্থ পাওয়া যায়নি। অন্যান্য ব্যাংকেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিতে এটিএম বুথসহ অনলাইন ব্যাংকিং সেবা সচল রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “সব এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বেশির ভাগ বুথ থেকেই গ্রাহকরা টাকা তুলতে পারছেন।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.