নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সজিব সরকার (৪০) নামে একজনের মৃত্যু হয়। মৃত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব বজ্রাঘাতে ছাদেই মারা যান।
তিনি জানান, ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে তার মরদেহ নামানো হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। মৃতের পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে আসার পর তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই দিলীপ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.