ইসলামী ব্যাংকের পর্ষদ সভা পণ্ড, এমডি ও চেয়ারম্যানের পদত্যাগ

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষে আবারো বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। আজ রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পণ্ড হয়ে গেছে।

রোববার দুপুরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে যান। আর বিকেলে চেয়ারম্যান ড. জোবায়দুর রহমানও পদত্যাগ করেছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

ওমর ফারুক খাঁন গণমাধ্যমকে জানান, চেয়ারম্যানের অব্যাহত চাপের মুখে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। এটি ব্যাংকের পর্ষদে ওঠার কথা। কিন্তু পর্ষদের সভা না হওয়া এবং চেয়ারম্যান পদত্যাগ করায় আবেদনের বিষয়টি অনুমোদন হয়নি।

এদিকে ব্যাংকটিতে হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে আজ সকালে মতিঝিলে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সকাল সাড়ে ১০টায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

কর্মসূচিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।
২. দলীয় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৩. এস আলমকে শাস্তির আওতায় আনতে হবে এবং গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে হবে।
৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.