দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি বড় উদ্যোগে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে গঠিত ১ হাজার ৫০০ কোটি টাকার ‘আর্থিক খাত তহবিল’ (এফএসএফডিএমএসএমই) বাস্তবায়নে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। দেশব্যাপী ক্লাস্টার-ভিত্তিক ব্যবসা ও এমএসএমই খাতকে গতিশীল করতেই এই উদ্যোগ।
রোববার (২৪ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নুরুন নাহার। তাঁর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক, নওশাদ মোস্তফা এবং এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, হুসনে আরা শিখা, এমটিবি’র এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান, সঞ্জীব কুমার দে এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় এমটিবি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ক্লাস্টার উদ্যোক্তা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) ব্যবসায়ীদের মাত্র ৭ শতাংশ আকর্ষণীয় সুদে ঋণ সুবিধা প্রদান করবে। আর্থিক সহায়তার পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসার টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির লক্ষ্যে এমটিবি’র পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শমূলক সেবাও প্রদান করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.