বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। দায়িত্ব নিতে শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় এসেছেন জার্মানির বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের কোচ।
জার্মান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি হওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। একটু আগে বাফুফে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
৬৫ বছর বয়সী কোচ জার্মানিতে জন্ম হলেও ডুলি আন্তর্জাতিক ফুটবল খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি বিশ্বকাপও খেলেছেন তিনি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্ব আসরে স্বাগতিকদের হয়ে সব কটি ম্যাচ খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপে তো অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। দেশটির হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেছেন সাতটি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি।
ক্লাব ফুটবলে খেলেছেন বায়ের লেভারকুসেন, শালকের মতো ক্লাবে। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। আর বুন্দেসলিগা শিরোপা জেতেন এফসি কাইজারস্নাউটার্নের জার্সিতে। কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্লিন্সম্যানের সহকারীর ভূমিকায় ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।
প্রায় পাঁচ বছর ছিলেন দেশটির দায়িত্বে। কাজ করেছেন ভিয়েতনামেও। দেশটির ভি-লিগের ক্লাব ভিয়েত্তেলের স্পোর্টিং ডিরেক্টর পদে ছিলেন বছরখানেক। দুই বছর পর ২০২২ সালে আবারও ফিলিপাইনের দায়িত্বে ফেরেন তিনি। দলকে নিয়ে যান প্রথমবার এশিয়ান কাপে। সর্বশেষ গায়ানার ডাগ আউট সামলেছেন তিনি। বাংলাদেশের কোচ হওয়ার জন্য গত সপ্তাহে গায়ানা থেকে পদত্যাগ করেন তিনি।
আগামী ৫ জুন সান মেরিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই থমাস ডুলির বাংলাদেশ যাত্রা শুরু হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.