সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন যে, দেশটিতে সংরক্ষিত উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না।

ইরানের উচ্চপদস্থ দুই কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির সর্বোচ্চ নেতার এই নতুন নির্দেশ ওয়াশিংটনের অন্যতম প্রধান দাবির বিপরীতে সরাসরি এক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এই নিশ্চয়তা দিয়েছিলেন যে, পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরিয়ে ফেলা হবে।

যেকোনো শান্তি চুক্তির জন্য এটিকে একটি বাধ্যতামূলক শর্ত হিসেবে দেখছে ওয়াশিংটন ও তেল আবিব। কিন্তু ইরানের নতুন এই আদেশের ফলে সেই পথ এখন অনেকটাই রুদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের কোনো সরকারি বা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.