দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের কার্যকর অংশগ্রহণ এবং তাঁদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নারী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য বৃহস্পতিবার (২১ মে) কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা ১৫ মিনিটে পর্যন্ত পুঁজিবাজারে সম্মানিত নারী বিনিয়োগকারীদের জন্য একটি প্রাথমিক বিনিয়োগ শিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিনিয়োগকারী ও সম্ভাব্য বিনিয়োগকারী সহ মোট ৩৫ জন নারী উপস্থিত ছিলেন। আলোচ্য প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন কমিশনের সম্মানিত কমিশনার ফারজানা লালারুখ। কমিশনার ফারজানা লালারুখ অন্যান্যের মধ্যে বলেন, মেয়েদেরও বিনিয়োগ সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। নারী সে ছাত্রী, গৃহিনী বা কোন পেশাজীবি নারী হোক তার সঞ্চয়ের একটি অংশ জেনে বুঝে সঠিক বিনিয়োগ করলে সে লাভবান হবে। কোন গুজবে কান না দিয়ে জ্ঞান ভিত্তিক সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার পুঁজি বিনিয়োগ করতে পারবেন।
অনুষ্ঠিত কর্মশালায় ফান্ডামেন্টাল অব ফিন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন ও ফিন্যান্সিয়াল প্ল্যানিং বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আলোচ্য প্রোগ্রামের সমাপনী বক্তব্য প্রদান ও সনদ বিতরণ করেন কমিশনের সম্মানিত কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.