সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.