চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দুই দিনের হাই-প্রোফাইল শীর্ষ বৈঠক শেষ করার পরপরই তাইওয়ানের স্বাধীনতা প্রসঙ্গে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বশাসিত এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার (১৫ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আগেই জানিয়েছেন, তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে, তাই আলাদা করে স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই।
তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে এবং তাদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে আইনগতভাবেই সহযোগিতা করে থাকে। ট্রাম্প আরও জানান, তিনি তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং অস্ত্র বিক্রির বিষয়েও চীনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিয়ে আসছে। অন্যদিকে তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায়, তবে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রসহ অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.