ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ব্যয় বেড়ে ২৯ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ব্যয় এরই মধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের ভারপ্রাপ্ত আর্থিক নিয়ন্ত্রক কর্মকর্তা জুলস হার্স্ট এ তথ্য জানিয়েছেন। তবে, এপ্রিলের শেষ দিকে এই যুদ্ধে ব্যয়ের পরিমাণ প্রায় ২৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছিল পেন্টাগন।

প্রতিনিধি পরিষদের বরাদ্দ কমিটির শুনানিতে জুলস হার্স্ট বলেন, এখন আমরা মনে করছি যুদ্ধের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। কারণ সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হালনাগাদ করা হয়েছে, পাশাপাশি থিয়েটারে সেনা মোতায়েন বজায় রাখতে সাধারণ পরিচালন ব্যয়ও বেড়েছে।

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো আলোচনা শুরু করার জন্য পাঁচটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তকে ‘ন্যূনতম গ্যারান্টি’ হিসেবে বিবেচনা করছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে তার মধ্যে রয়েছে-
১) সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা (বিশেষ করে লেবাননে)
২) ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার;
৩) জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা
৪) যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ প্রদান
৫) হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি দেওয়া।

প্রতিবেদনটিতে বলা হয়, আলোচনায় ফেরার জন্য ন্যূনতম আস্থা তৈরির কাঠামোর মধ্যেই এই শর্তগুলো নির্ধারণ করা হয়েছে। এসব শর্ত বাস্তবায়ন ছাড়া নতুন আলোচনা শুরু করা সম্ভব নয় বলে মনে করে তেহরান। তবে, ইরানের প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

উল্লেখ্য, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন।

একই দিনে মিনাব শহরের শারজাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক মিসাইল হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা দিয়েছে ইরান সরকার। এর প্রতিবাদে টানা ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা।

আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর আরেক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

ইরানের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪০ দিনের যুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ হাজার ৩৭৫ জন ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.