শাহজালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রোববার (১০ মে) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে একই দিনে করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে করপোরেট প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ পণ্যের উদ্বোধন করা হয়।

রোববার (১০ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মোঃ সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাছ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মোঃ রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মোঃ জাফর ছাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের এসভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদ।

শাহজালাল ইসলামী ব্যাংক ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটির ১৪২টি শাখা, ৫টি উপশাখা, প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এসবের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

গত ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ব্যাংকটির মোট আমানতের পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের মূল্যায়নে ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ডাবল এ প্লাস এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-১।

ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শাহজালাল ইসলামী ব্যাংক আন্তরিকতার সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গ্রাহকদের আস্থা, আমানত ও বিনিয়োগ কার্যক্রমে ব্যাংকটির অবস্থান সন্তোষজনক। পাশাপাশি গ্রাহকবান্ধব ও যুগোপযোগী বিনিয়োগ পণ্য চালুর মাধ্যমে ব্যাংকটি এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ও বিদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ব্যাংকটি একাধিক পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে আইসিএবি, আইসিএমএবি ও আইসিএসবির পুরস্কার উল্লেখযোগ্য। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকেও টেকসই রেটিংয়ের জন্য সম্মাননা পেয়েছে ব্যাংকটি।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, গত ২৫ বছরে শাহজালাল ইসলামী ব্যাংক দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, আধুনিক ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করছে।

তিনি ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.