ডিএসইর বাজার মূলধন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৩ মে থেকে ০৭ মে) সূচকের মিশ্রে প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৭৫ শতাংশ বা ৫ হাজার ১২৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে একটি বাদে কমেছে বাকি সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫২ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ শতাংশ। ডিএস-৩০ সূচক কমেছে ১৫ দশমিক ৪ পয়েন্ট বা ০ দশমিক ৭৬ শতাংশ। তবে ডিএসইএস সূচক বেড়েছে ৫ দশমিক ৩৭ পয়েন্ট বা ০ দশমিক ৫১ শতাংশ।

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা। সপ্তাহে লেনদেন কমেছে ৫৬৫ কোটি ৭৩ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ১৫ লাখ টাকা বা ১১ দশমিক ৯৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩০ কোটি ২৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪১টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.