প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে আমরা কোনো আপস করতে চাই না। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়মের মধ্যে আনাই সরকারের লক্ষ্য। আমরা সুশাসন রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি করতে চাচ্ছি।
রোববার (৩ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রতিফলন ঘটে। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলি নীতি।
প্রধানমন্ত্রী বলেন, ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে। সবার সহযোগিতা পেলে বোঝার ভার কমানো যাবে।
সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনস্থলে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সম্মেলনে সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। সম্মেলনে সারাদেশ থেকে আসা জেলা প্রশাসকরা উপস্থিত রয়েছেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের ওপর জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। সরকারের নীতি উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বিষয়ে আলোচনা, নির্দেশনা গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐতিহ্যগতভাবে প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।
এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট অধিবেশন হবে ৩৪টি। তার মধ্যে কার্য অধিবেশন হবে ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি। মাঠ প্রশাসন থেকে এবার ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.