নিজেদের নৌবাহিনীকে জলদস্যুর সঙ্গে তুলনা করে চমকপ্রদ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের পর ইরানিদের জাহাজ আটক ও সম্পদ জব্দ করা হচ্ছে, যা থেকে যুক্তরাষ্ট্র লাভও করছে।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা জাহাজের ওপর নামি এবং জাহাজের নিয়ন্ত্রণ নিই। এরপর কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা।”
তিনি আরও বলেন, “আমরা জলদস্যুর মতো। আমরা এক প্রকার জলদস্যুই। কিন্তু আমরা ইরানিদের সঙ্গে কোনো খেলা খেলছি না।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর প্রেক্ষিতে ওইদিনই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। টানা ৪০ দিন যুদ্ধের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরান এখনো হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইরানের অবরোধ এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছেন।
ইরানের অবরোধের জবাবে পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনী ইরানি বন্দরে জাহাজ চলাচল সীমিত করেছে এবং ভারত মহাসাগর থেকে ইরানের দুটি জাহাজও জব্দ করেছে—যার একটি ছিল পণ্যবাহী এবং অন্যটি তেলবাহী ট্যাংকার।
কয়েকদিন আগে ট্রাম্প বলেন, ইরানের ওপর বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.